মোঃ বাবুল হোসাইন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ বাউফল স্বাস্থ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেরবিরল দৃষ্টান্ত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে অংশ নেওয়া আমাদের সবার নৈতিক কর্তব্য।” নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এখন যথাযথভাবে সে দায়িত্ব পালন করতে আপনাদের সক্রিয় সহায়তা ও অংশগ্রহণ প্রয়োজন।” পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। স্থানীয়দের মতে, দায়িত্বের শুরুতেই এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।