গত ঈদুল ফিতরের আগে ঢাকার সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নিহত সোহেল ও মিরাজের স্বজনদের সহায়তার অংশ হিসেবে চেক প্রদান করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে অতিরিক্ত আরও ২৫ লাখ টাকা সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, তদারকি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিহতদের স্বজনরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত প্রতিশ্রুত বাকি সহায়তা প্রদানের দাবি জানান।