বিনোদন প্রতিবেদক:
দেশীয় প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা ও ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যভাবনা এবং তার অমর কবিতা ‘বনলতা সেন’কে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পেতে যাচ্ছে।
নির্মাতারা জানিয়েছেন, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইডে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য ছবিটির প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক প্রদর্শনীর এই উদ্যোগ চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।
চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, দেশে মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও উৎসাহ পাওয়া গেছে, তা তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকরা ছবিটি সেখানে মুক্তির অনুরোধ জানিয়ে আসছিলেন। সেই আগ্রহ ও চাহিদার কথা বিবেচনায় নিয়েই পাঁচটি শহরে মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, খুব শিগগিরই প্রদর্শনীর হল তালিকা, তারিখ এবং সময়সূচি প্রকাশ করা হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বাইরে পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে চলচ্চিত্রটি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
নির্মাতার ভাষায়, বাংলা সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিনির্ভর এই চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, বিদেশে বসবাসরত বাঙালিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষী দর্শকরাও ছবিটির শিল্পমান ও গল্পের গভীরতাকে মূল্যায়ন করবেন।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’ চলতি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।