নিজস্ব প্রতিবেদক:
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সফরের শুরুতেই বিমানবন্দরে জটিল পরিস্থিতির মুখে পড়েন তিনি।
রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় তিনি দীর্ঘ সময় আটকে থাকেন বলে জানা গেছে। এ সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। পরে তিনি ভারতের ভূখণ্ডে প্রবেশ না করেই ফিরে আসেন।
বিভিন্ন গণমাধ্যমে তাকে আটক করা হয়েছে বলে খবর প্রচারিত হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো সেই তথ্য অস্বীকার করেছে। সরকারি একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লিতে কূটনৈতিক সূত্র জানায়, তিনি আটক হননি; বরং ইমিগ্রেশন জটিলতার কারণে নিজ উদ্যোগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সূত্রগুলো আরও জানায়, তথ্য উপদেষ্টা সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে তার পাসপোর্টটি পূর্বে থেকে রেস্ট্রিক্টেড তালিকাভুক্ত থাকায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হয়। যদিও কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগ ছিল, তিনি সেটি ব্যবহার করেননি।
ইমিগ্রেশন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা ও জিজ্ঞাসাবাদের পর পরিস্থিতি অনুকূল না হওয়ায় তিনি শেষ পর্যন্ত ভারত সফর না করেই বাংলাদেশে ফিরে আসেন। এ সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি সমাধানের চেষ্টা করেন বলে জানা গেছে।
তবে শেষ পর্যন্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও তিনি প্রবেশ না করে ফেরত আসার সিদ্ধান্ত নেন।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।