জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন, কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী জিপিএস ডিভাইস সংযুক্ত না থাকলে বা কার্যকর অবস্থায় না থাকলে সংশ্লিষ্ট যানবাহনের ফিটনেস সনদ নবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী নির্ধারিত অন্যান্য বিষয় যাচাইয়ের পাশাপাশি জিপিএস সংযুক্তি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গণপরিবহনে জিপিএস প্রযুক্তি ব্যবহারের ফলে যানবাহনের অবস্থান নিরীক্ষণ, রুট পর্যবেক্ষণ, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা বা অনিয়মের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ সহজ হবে। পাশাপাশি সড়ক পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।