ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে যত বাধা, প্রতিবন্ধকতা কিংবা ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে আয়োজিত ‘শিশু সুরক্ষায় ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, দীর্ঘ ৪১ বছরের রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, তবে সেই বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড কখনো থেমে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি শিশু, অভিভাবক ও উপস্থিত নগরবাসীর প্রতি নগর উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে জনস্বার্থে পরিচালিত সব ইতিবাচক উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, সাংবাদিকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নধর্মী সংবাদ তুলে ধরছেন। তিনি ডিএনসিসির বিভিন্ন জনসেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, ছাদ, ছাদবাগান এবং আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশাসক আরও বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নের জন্য প্রথমেই নগরকে পরিচ্ছন্ন করতে হবে। এরপর পরিকল্পিতভাবে সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিশু-কিশোরদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শিশু সুরক্ষা ও যুব সমাজের অংশগ্রহণমূলক উদ্যোগগুলো বিশেষভাবে তুলে ধরা হয়।