বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও ও ভুয়া ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে বোম্বে হাইকোর্ট।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের অনুমোদনের ফলে গুগল, মেটাসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করতে পারবেন এই অভিনেত্রী। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, বিভ্রান্তিকর মিম এবং চ্যাটবটনির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে তার ব্যক্তিত্বের অধিকার, কপিরাইট এবং পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
আদালতে প্রীতি জিনতার পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী রোহান কদম জানান, দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে থাকা এসব কনটেন্ট অভিনেত্রীর ব্যক্তিগত মর্যাদা ও জনমনে তার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আদালত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলা দায়েরের অনুমতি প্রদান করে।
ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে বলিউডে উদ্বেগ নতুন নয়। গত কয়েক বছরে কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, আশা ভোঁসলে এবং অরিজিৎ সিংও নিজেদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আইনজীবীদের মতে, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে এ ধরনের ভুয়া কনটেন্ট এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় এগুলো নিয়ন্ত্রণ ও অপসারণ করা ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই-নির্ভর ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর আইনি কাঠামো এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আরও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা সময়ের দাবি।