শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত মেধা ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করতে হবে এবং দেশসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। শনিবার সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ, যার সভ্যতার ইতিহাস প্রায় ৩ থেকে ৪ হাজার বছরের পুরোনো। এ অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করে আসছে। তিনি রাজশাহীর ত্যাগ ও গৌরবের ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. জোহা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগে এ মাটি সমৃদ্ধ। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের কাছে এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বিস্তারিতভাবে তুলে ধরতে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য শুরুতেই নির্ধারণ করতে হবে। কেবল রাজনীতি নয়, বরং দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা আইনজীবী হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাঁদের পরামর্শ ও অনুশাসন মেনে চলার আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, বরেন্দ্র কলেজ সরকারিকরণের জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজশাহী বরেন্দ্র কলেজের সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।