মোঃ রাফিন হোসেন (আরফিন) দিনাজপুর প্রতিনিধি : ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।