হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর তারকা অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এসপোসিতো একটি মসজিদের ভেতরে কয়েকজনের সঙ্গে উপস্থিত আছেন এবং পরে নামাজেও অংশ নেন। ভিডিওটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

তুর্কি আলালশেখ দাবি করেন, শুটিং চলাকালীন মুসলিমদের সঙ্গে আলাপচারিতা এবং তাদের জীবনধারা ও আচরণে অনুপ্রাণিত হয়ে এসপোসিতো ইসলাম গ্রহণ করেন। পরে তিনি ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন বলেও উল্লেখ করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, তিনি সহকর্মী ও কলাকুশলীদের সঙ্গে মসজিদে নামাজে অংশ নিচ্ছেন। মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জিয়ানকার্লো এসপোসিতো দীর্ঘ ক্যারিয়ারে হলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’-এ গুস্তাভো ফ্রিং চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ‘গডফাদার অফ হারলেম’-এর মতো জনপ্রিয় সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।