তারুণ্যকে খেলায় ফেরাতে রোয়াংছড়িতে ফুটবল বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক: মাদক, অপরাধ ও ইন্টারনেট আসক্তি থেকে কিশোর-কিশোরীদের দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ওয়াগই পাড়ার কিশোর-কিশোরীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক উন্নয়ন, ক্রীড়াচর্চা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘের পার্বত্য অঞ্চল সমন্বয়ক উয়ই সি মার্মা বলেন, “পার্বত্য অঞ্চলের শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, আজকের ক্রীড়াপ্রিয় তরুণরাই আগামী দিনের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

সংগঠনের উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা বলেন, “বর্তমানে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ি এলাকার শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এ ধরনের উদ্যোগ তাদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি দলগত নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও সহায়ক হবে।

বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি শিমল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পিন্টু তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মং মং সাই মারমা, সাংগঠনিক সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ্র তঞ্চঙ্গ্যা, তথ্য ও যোগাযোগ সম্পাদক অন্টর তঞ্চঙ্গ্যা, সদস্য আথই মারমাসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

ফুটবল পেয়ে স্থানীয় কিশোর-কিশোরীরা আনন্দ প্রকাশ করে এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফুটবল তুলে দেন।