নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বহুল আলোচিত রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতের কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
রায় অনুযায়ী, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর দুই আসামি চঞ্চল চন্দ্র ও তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এর আগে গত ১৫ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন ধার্য করেছিলেন।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া আলোচিত এই মামলার রায়ের মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনায় বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।