জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোনো শিশুই যেন বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রবিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাই শেষে উত্তীর্ণ ভিটামিন ‘এ’ ক্যাপসুলই এবার দেশের শিশুদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য সরকারের কাছে লাল ও নীল রঙের ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে। মন্ত্রী বলেন, “সারাদেশে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে জন্য প্রথম দিন ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। চতুর্থ দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের অন্ধত্ব, হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।” অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।