চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সারি সারি ভ্যান গাড়িতে রাখা বাঁশের ঝুড়িভর্তি সুমিষ্ট ও সুস্বাদু বিভিন্ন জাতের আম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে এখন প্রতিদিনের দৃশ্য এটি। ভরা মৌসুমে উৎসবমুখর পরিবেশে চলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই আমের হাটে বেচাকেনা। কৃষি বিভাগ ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্য, এখানে প্রতিদিন গড়ে সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন আম কেনাবেচা হচ্ছে, যার দৈনিক বাজারমূল্য প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকা। সাধারণত মে মাসের শেষভাগ থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত কানসাট বাজারে প্রতিদিন দিনরাত আম কেনাবেচা চলে। এই বিশাল বাজারকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের কর্মসংস্থান ও সম্পৃক্ততা তৈরি হয়েছে। ভোর থেকেই জমজমাট বাজার সরেজমিনে কানসাট আমের বাজার ঘুরে দেখা গেছে, ভোর থেকেই উপজেলার বিভিন্ন বাগান থেকে চাষিরা ভ্যান গাড়িতে করে আম নিয়ে বাজারে জড়ো হতে শুরু করেন। বাজারের ভেতরে ও মূল সড়কের দুই ধারে সারি সারি ভ্যান গাড়িতে আম সাজিয়ে চলে দরদাম। কেবল শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কৃষকেরা গাছের আম এখানে বিক্রি করতে আসেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও আড়তদারেরা আম কিনতে ভিড় জমাচ্ছেন এই হাটে। হাটের বিশাল পরিধির কথা উল্লেখ করে কানসাট আম বাজারের ইজারাদার আলমগীর জুয়েল বলেন, ?“এই আম বাজার থেকে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ ট্রাকেরও বেশি আম লোড করা হয়। ব্যাপারীরা এসব আম কিনে দেশের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করছেন। প্রতিদিন এই বাজারে গড়ে ১৮ থেকে ২০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।” চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, “আম সংগ্রহের ভরা মৌসুম চলছে। চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলাতেই আম চাষ হয় এবং এখানে ৪-৫টা বড় হাট রয়েছে। এর মধ্যে শিবগঞ্জের কানসাট আম বাজার সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত।” বাজারের বিশাল কর্মযজ্ঞের বিবরণ দিয়ে উপ-পরিচালক বলেন, “কানসাট বাজারে প্রতিদিন গড়ে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন আম কেনাবেচা হচ্ছে। যার দৈনিক বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা।”তিনি উল্লেখ করেন, “আম মৌসুমকে কেন্দ্র করে এই বাজারে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সাধারণত প্রতি বছর মে মাসের শেষ দিক থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত কানসাট বাজারে এভাবে প্রতিদিন উৎসবমুখর পরিবেশে আম কেনাবেচা চলে।” চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৯০০ মেট্রিক টন। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না আসলে আম উৎপাদনের লক্ষমাত্রা পূরণ হবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।