এইচএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ: দিনাজপুর শিক্ষা বোর্ডে মাত্র ১জন বহিষ্কার

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডে মাত্র একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। গতকাল এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষায় ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে । সর্বমোট ২১৩টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোতেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে অসদুপায় অবলম্বন করার দায়ে ঠাকুরগাঁওয়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর কোন বহিষ্কারের ঘটনা কোন কেন্দ্রে ও জেলায় ঘটে নাই। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্য হতে মাত্র ১৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শতকরা হারে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে রংপুরে ৩৭৯ জন, গাইবান্ধায় ৩৩৪ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, লালমনিরহাটে ১৩৪ জন, দিনাজপুরে ৩৬৬ জন, ঠাকুরগাঁয়ে ১৬০ জন ও পঞ্চগড় জেলায় ১২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।