‘২৫ কোটি গাছ লাগানোই লক্ষ্য, শুধু রোপণ নয়—যত্নও নিতে হবে’: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে একদিনের সফরে বরিশাল পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার দুটি অগ্রাধিকার কর্মসূচির কথা বলেছিল—খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ। তার ভাষায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দুটি উদ্যোগের সূচনা করেছিলেন, পরে খালেদা জিয়াও তা এগিয়ে নিয়েছেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, অনেককে পলিথিনসহ গাছের চারা রোপণ করতে দেখা গেছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। তাই পলিথিন খুলে মাটিসহ চারা রোপণের আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ঋতুচক্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। আগের মতো শীত পড়ে না, আবার গ্রীষ্মে তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে প্রয়োজনীয় সংখ্যক গাছ এখনো নেই। তাই আগামী পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বরিশালের এই কর্মসূচিতে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।

গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি শিশুর জন্মের পর যেমন বাবা-মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না, তেমনি চারা লাগানোর পরও নিয়মিত যত্ন নিতে হবে। তিনি স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের গাছ বড় হওয়া পর্যন্ত সেগুলো রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, একটি গাছ বড় হলে তা শুধু ছায়াই দেয় না, বিশুদ্ধ বাতাস, শীতল পরিবেশ এবং সুন্দর বাসযোগ্য সমাজ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।