ইউনিলিভার থেকে কোকা-কোলা বাংলাদেশে লায়লা ফারজানা, মার্কেটিং নেতৃত্বে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক:

বহুজাতিক পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ তাদের ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক (ডিরেক্টর–ফ্রন্ট লাইন মার্কেটিং) হিসেবে লায়লা ফারজানাকে নিয়োগ দিয়েছে। বিপণন, ডিজিটাল রূপান্তর এবং ব্র্যান্ড কৌশলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবীর যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির মার্কেটিং কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছে কোকা-কোলা বাংলাদেশ।

সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিপণন, মিডিয়া, ডিজিটাল ট্রান্সফরমেশন, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টে লায়লা ফারজানার ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

কোকা-কোলায় যোগ দেওয়ার আগে তিনি ইউনিলিভার বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ডি-কমার্স (ডিএমসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং, মিডিয়া পরিকল্পনা, ই-কমার্স কার্যক্রম এবং মিডিয়া বিনিয়োগ ব্যবস্থাপনার নেতৃত্ব দেন।

ইউনিলিভারে প্রায় আট বছরের কর্মজীবনে তিনি ক্যাটাগরি ম্যানেজমেন্ট, কাস্টমার মার্কেটিং এবং মিডিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়া কর্মজীবনের বিভিন্ন সময়ে গ্রামীণফোন, বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট–ক্যাটালিস্টে বিপণন ও ট্রেড-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তথ্যভিত্তিক বিপণন কৌশল, ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ব্র্যান্ড উন্নয়নে তার বিশেষ দক্ষতা রয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর লায়লা ফারজানা বলেন, কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য আরও অর্থবহ অভিজ্ঞতা তৈরি এবং টিম, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার সম্প্রসারণে কাজ করতে চান।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, লায়লা ফারজানার বহুমুখী বিপণন ও বাণিজ্যিক অভিজ্ঞতা প্রতিষ্ঠানের মার্কেটিং টিমকে আরও সমৃদ্ধ করবে। নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক লায়লা ফারজানা কাস্টমার মার্কেটিং ও ভোক্তাকেন্দ্রিক ব্র্যান্ড কৌশল প্রণয়নে উল্লেখযোগ্য অভিজ্ঞতার অধিকারী।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য কোকা-কোলা কোম্পানির শতভাগ পরোক্ষ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড এবং আব্দুল মোনেম লিমিটেডের মাধ্যমে ১৯৬২ সাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে কোকা-কোলা, কোকা-কোলা জিরো সুগার, ডায়েট কোক, স্প্রাইট, স্প্রাইট মিন্ট, স্প্রাইট জিরো সুগার, ফ্যান্টা, ফ্যান্টা অ্যাপল, কিনলে ওয়াটার ও কিনলে সোডাসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাংলাদেশের বাজারে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোকা-কোলা সিস্টেম বর্তমানে প্রায় ২২ হাজার ১০০ জনের কর্মসংস্থানে অবদান রাখছে। এর মধ্যে প্রায় ৮০০ জন প্রত্যক্ষ এবং ২১ হাজার ৩০০ জন পরোক্ষভাবে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত।