ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ আয়োজন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

যুবসমাজের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কর্মসূচি। রাজধানীর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।

উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হচ্ছে ‘ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম’। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং উদ্যোক্তাবিষয়ক বিভিন্ন সেবা একই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে।

এছাড়া ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক পর্বে দেশের সফল স্টার্টআপ উদ্যোক্তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন তারেক রহমান। সে সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় অংশ নিয়েছিলেন তিনি।