আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কিনা; হলে, কোন শিক্ষা বর্ষ হইতে করা হবে? জবাবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় হ্রাস করা সম্ভব হবে। সরকার পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।