বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে।
বৈঠকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা উদ্যোগ, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং আর্থিক খাতের সংস্কারে অগ্রগতির চিত্র মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের সংস্কারে নেওয়া উদ্যোগগুলোতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি বাংলাদেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও টেকসই করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে।