বিএনপির বিরুদ্ধে চারদিকে নানা ষড়যন্ত্র-অপপ্রচার চলছে: দুদু

বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে চারদিকে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু| বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতৃত্ব ও চেয়ারম্যানকে নিয়ে কুৎসিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে দেশের সাধারণ জনগণ দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী শক্তির সঙ্গেই আছে| শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দুদু এসব কথা বলেন| মাহবুবল হুক ও মাহবুবুল আলম তারা স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়| সমসাময়িক রাজনীতি ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, বর্তমানে আমাদের দলের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার ও প্রচারণা চালানো হচ্ছে| বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) নিয়ে এমন কোনো অসভ্য ভাষা নেই যা প্রয়োগ করা হচ্ছে না| এই নোংরা প্রচারণার মুখে আমাদের অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে| তিনি আরও বলেন, আমাদের শত্রু চারদিকে ওত পেতে আছে| কিন্তু জনগণ এই সরকারের (দলের) সঙ্গে আছে, জনগণ আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আছে| তাই কোনো অপপ্রচারই জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারবে না| দুদু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সুদীর্ঘ সময় ধরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতার মাঝেও এই দলকে ঐক্যবদ্ধ রেখে আজ এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন| এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই ঐক্য ও নেতৃত্বকে টিকিয়ে রাখা| নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের আরও অনেক কাজ করতে হবে| আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না থাকি, হাতকে শক্তিশালী না করি, তবে শত্রুদের পাতা ফাঁদে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে|
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর|