মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে| ওই স্কুলছাত্রের নাম মো. আলামিন (১১) এবং তার ছোট বোন গুরুতর আহত হয়েছে| বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬ টার দিকে গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক সড়কের ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ে অধ্যয়নরত| ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) গ্রামের বাসিন্দা মো. শামীমের ছেলে নিহত আলামিন | প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ টায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় আলামিন এবং সুমনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে| নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে| বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|