জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশ পরিচালনা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশা পূরণ—সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “সরকার শুধু জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং নতুন বাংলাদেশ গড়ার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই ব্যর্থ হয়নি, প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, দেশের সংকটময় মুহূর্তগুলোতে বিএনপি কখনোই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার দুই বছরের মধ্যে বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র দুই মাসের মাথায় দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, সাধারণ মানুষের আয়-রোজগার না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। তিনি দাবি করেন, গ্যাসের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
সরকারের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, “প্রশাসনিক ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কারণে সরকার ইতোমধ্যেই একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।”
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচন শেষে বিভিন্ন সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি, মব কালচারসহ নানা অপরাধ কমার পরিবর্তে বেড়েছে বলে দাবি করেন তিনি।
আসিফ মাহমুদের ভাষ্য, গত এক মাসে দেশে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং এর মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর মব কালচার বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা আরও বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকজনের সম্পৃক্ততা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্যসচিব নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।