বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস| সোমবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়| সাক্ষাতে বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়| চিফ হুইপ বলেন, ‘দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে| বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য|’ তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে| ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাঁদের প্রথম বাজেট অধিবেশন| নতুন সদস্যরা সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালি আয়ত্ত করতে আন্তরিকভাবে কাজ করছেন|’ চিফ হুইপ আরও বলেন, ‘অতীতে জনগণের মধ্যে সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে তারা নিয়মিত সংসদ অধিবেশন অনুসরণ করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক|’ স্টুয়ার্ট জেমস বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে| বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে|’ তিনি জনগণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের ভূমিকার প্রশংসা করেন| সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|