ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার| প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের কাজ এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে| আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু হবে বলে আশা করছে সরকার| সোমবার (৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর| ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’র আওতায় এ বিশাল প্রকল্পটির কাজ চলছে| প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এতদিন ঢাকা শহরের জন্য মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হতো| কিন্তু অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর প্রায় এক হাজার মিটার পর্যন্ত নিচে নেমে যাওয়ার আশঙ্কা ˆতরি হয়েছিল, যা পরিবেশের জন্য একটি ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল| সেই তীব্র সংকট মোকাবিলা করতেই মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহের এই মেগা উদ্যোগ নেওয়া হয়েছে| মন্ত্রী আরও জানান, এই প্রকল্প চালু হলে প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে| এ ছাড়া ভবিষ্যতে একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে, যা বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি পাওয়া যাবে| অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে ভবিষ্যতে প্রতিদিন মোট ১শ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটির বাসিন্দাদের মাঝে সরবরাহ করা সম্ভব হবে|
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে মন্ত্রী প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ সভায় অংশ নেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পটির নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন|