গোপন আয়োজনে বিয়ের গুঞ্জন, টেইলর-ট্র্যাভিসের বিশেষ দিন কি ২ জুলাই?

বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফটকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমিক, এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি—এমন দাবি করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি টেইলর বা ট্র্যাভিস।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আগামী ২ জুলাই নিউইয়র্কে একান্ত ব্যক্তিগত আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে।

বিয়ের অনুষ্ঠান ছোট পরিসরে হলেও, পরদিন ৩ জুলাই জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে খবর। সেখানে প্রায় দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে বিয়ের আমন্ত্রণপত্র। জানা গেছে, গোপনীয়তা বজায় রাখতে প্রচলিত ছাপানো কার্ড ব্যবহার করা হয়নি। অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে অনুষ্ঠানসংক্রান্ত কোনো তথ্য আগেভাগে প্রকাশ না পায়।

এদিকে অনুষ্ঠানস্থল নিয়েও রয়েছে ধোঁয়াশা। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি—নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ আয়োজনটি হতে পারে। বড় পরিসরের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার সক্ষমতার কারণেই এই ভেন্যু বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ের প্রস্তুতির ইঙ্গিতও মিলছে বিভিন্ন দিক থেকে। ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফস-এর কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে ম্যানহাটনের অভিজাত হোটেলগুলোতে কক্ষ বুকিং করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অস্থায়ী কাঠামো নির্মাণ এবং কিছু এলাকায় যান চলাচল সীমিত করার তথ্যও সামনে এসেছে।

তবে এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। টেইলর সুইফট, ট্র্যাভিস কেলসি কিংবা তাদের প্রতিনিধিদের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে বিয়ের গুঞ্জন জোরালো হলেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টিই রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।