নিজস্ব প্রতিবেদক: নিজের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ভাড়ায় একটি গাড়ি ব্যবহার করলেও মাস শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সেই গাড়ির ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, ব্যক্তিগত বিলাসিতার জন্য নয়, বরং নিরাপত্তার প্রয়োজনেই তিনি একটি রেন্ট-এ-কার ব্যবহার করছেন। তবে আর্থিক বাস্তবতার কারণে নির্ধারিত সময়েও গাড়ির ভাড়া পরিশোধ করতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।
সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে তিনি বলেন, আগে যারা রিকশায় চলতেন, এখন তারা গাড়িতে চলছেন—এ ধরনের মন্তব্য দেশের প্রকৃত চিত্র তুলে ধরে না। তার ভাষায়, ৫ আগস্টের আগে যারা মাঠে-ঘাটে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাদের জীবনে প্রকৃত পরিবর্তন এসেছে কি না, সেটি সবচেয়ে ভালো বলতে পারবেন তাদের প্রতিবেশীরাই।
বক্তব্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অনেক রাজনৈতিক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগও তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, এমনও নজির রয়েছে যেখানে কারাগারে থাকার সময়ও কিছু নেতার সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বর্তমান সময়ে এমন ঘটনা ঘটে কি না, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ক্ষমতার পালাবদলের পরও তারা সাধারণ জীবনযাপন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি অনুসরণ করছেন। তাই রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে বিলাসী জীবনযাপনের যে অভিযোগ তোলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।