নরসিংদী নূরানী মডেল মাদরাসা ৭ম বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ যারা কুরআন শিক্ষা করে তারাই শ্রেষ্ঠ শিক্ষার্থী : মো: ইব্রাহিম ভূইয়া

মো: জসিম উদ্দিন: নরসিংদী শহরের গাবতলীতে প্রতিষ্ঠিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী নূরানী মডেল মাদরাসা সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরণ সবকদান ও দোয়া অনুষ্ঠান গতকাল বুধবার বাদ আছর অনুষ্ঠিত হয়। নরসিংদী নূরানী মডেল মাদরাসা ও মিশকাতুল উলুম মাদানী মাদরাসা আয়োজিত এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার জেলা সংগঠক ইব্রাহিম ভূইয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো: কাউসার খান। বিশেষ অতিথি ছিলেন জামেয়া কাসিমিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, উদ্বোধক ছিলেন কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর স্বত্বাধিকারী কেফায়েতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী নূরানী মডেল মাদরাসা ও মিশকাতুল উলুম মাদানী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা আবদুল লতিফ খান। বক্তব্য শেষে অতিথিগণ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রধান অতিথি ইব্রাহিম ভূইয়া বলেন, কুরআনের শিক্ষা ব্যাতিত আমাদের মাঝে রহমত, বরকত আসবে না। যারা আল্লাহর কালাম আল-কুরআন শিক্ষা করে তারাই শ্রেষ্ঠ শিক্ষার্থী। যারা কুরআন শিক্ষা দেন ও যারা কুরআন শিক্ষা গ্রহন করেন তারাই উত্তম মানুষ।