রাবি প্রতিনিধি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। সোমবার রাবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে অনেক জ্ঞানীগুণী বিশ্বব্যাপী সেবা দিয়ে দিয়ে আসছেন। শিক্ষা ও গবেষণায় উত্তরবঙ্গসহ গোটা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে এই বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখ্শের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এ বছর ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকালে প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বৃক্ষরোপর করা হয়। পরে সিনেট ভবনে আলোচনা সভা হয়। বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্যদ্বয় ড. আব্দুল আলিম ও ড. মামুনুর রশীদ এবং রাসিক মেয়র মাহফুজুর রহমান রিটন।