নাটোরে ডাক বিভাগের কর্মচারীদের দুই দফা দাবীতে মানববন্ধন, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা : ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। সেই সাথে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও ডাক দিয়েছেন তারা। এই দাবীর সমর্থনে সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছেন ডাক বিভাগের ইডি কর্মচারী নাটোর জেলা শাখা। তারা ডাক বিভাগের দুই রকম নীতি বন্ধের আহবান জানান। এই মানববন্ধনে অংশ গ্রহন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য রাজিব আহমেদ, গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সিংড়ার বিলদহরের পোস্টমাস্টার আফরিনা আক্তার মিষ্টি প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় খুবই নির্মম। তাই বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। ডাক বিভাগে দুই রকম নীতি বন্ধ করতে হবে। তাদের দাবি, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এবং নাটোর জেলায় কর্মরত ৩৪২ জন এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। সরকার এই দাবি বাস্তবায়নে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন। দ্রুত এসব দাবি মেনে নেয়া না হলে সারাদেশে ডাকসেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও তারা হুশিয়ারী দেন। সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে ডাক বিভাগের পোস্টমাস্টার চার হাজার ৪৬০ টাকা, রানার চার হাজার ১৭৭ টাকা ও পিয়ন চার হাজার ৩৫৪ টাকা বেতন পান। এই সামান্য টাকা দিয়ে কারো পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না।