দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বর্তমানে শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক সংকটেও রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে সার্ক আবারও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে বলে মনে করেন তিনি।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সংস্থাটির কার্যক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতাকে নতুনভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্কভুক্ত প্রতিটি সদস্য দেশের সঙ্গে পৃথকভাবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। তার ভাষ্য, সংস্থাটিকে আবারও কার্যকর করে তুলতে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
শামা ওবায়েদ আরও বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেক-কেও সমান গুরুত্ব দিয়ে সক্রিয় ভূমিকা পালন করবে বাংলাদেশ।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সার্ক ভবিষ্যতে অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতার একটি কার্যকর মঞ্চ হিসেবে নতুন করে ভূমিকা রাখতে সক্ষম হবে।