নবাবগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের জন্য স্মার্ট কৃষি সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস, দিনাজপুর জেলা বিএনপির সহ- সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, গণমাধ্যম কর্মী ও প্রমুখ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে পুটিমারা ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড (ব্লক) কৃষক স্মার্ট কার্ডের জন্য এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় বক্তারা বলেন, সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ, কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরো উল্লেখ করেন, স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা আর্থিক সুযোগ সুবিধা, কৃষি উপকরণে ভর্তুকি ও কৃষি লোন সহ মোট ১০ ধরনের সহায়তা পাবেন।