দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, শীর্ষ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ইস্যু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি।

সোমবার (৩ আগস্ট) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সফরকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, শ্রমবাজার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করতেই এই উচ্চপর্যায়ের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।