নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জানানো হয়, ৫ আগস্ট সকাল ১০টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বক্তব্য দেবেন জোটের শীর্ষ নেতারা।
পরদিন ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে একযোগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সরকারের কাছে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হবে।
১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, ৫ আগস্টের গণসমাবেশ থেকেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হবে। তাদের দাবি, জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করতেই ধারাবাহিক কর্মসূচি দেওয়া হচ্ছে।