বলিউডে ডেঙ্গুর হানা, হাসপাতালে স্বরা ভাস্কর ও অভিকা গোর

বলিউডে আবারও ডেঙ্গুর সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর ও ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোর। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসুস্থতার খবর জানিয়েছেন দুই অভিনেত্রীই।

সম্প্রতি হাসপাতালের বিছানা থেকে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন স্বরা ভাস্কর। সেখানে তিনি জানান, হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার বিস্তারিত আর জানাননি এই অভিনেত্রী।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অভিকা গোর। টানা কয়েক দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বরে ভোগার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ থাকার মধ্যেও দিল্লিতে আগে থেকে নির্ধারিত একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করে মুম্বাইয়ে ফেরেন অভিকা। পরে চিকিৎসা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে তার চিকিৎসা চলছে।

দুই অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।