জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল

অধিনায়ক জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরি, ইফতেখার আহমেদ ইফতি ও সামিউন বাশির রাতুলের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের করা ৩৬৪ রানের জবাবে ২৭৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ‘এ’।

৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনোসেন্ট কায়া ও ম্যাথিউ ক্যাম্বেলের ব্যাটে দারুণ সূচনা পায় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৯.৪ ওভারে ৬০ রান যোগ করেন তারা। তবে আলিস আল ইসলামের শিকার হয়ে ২৬ রান করে ইনোসেন্ট কায়া ফিরলে ভাঙে সেই জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা।

একপ্রান্তে লড়ে গেছেন ম্যাথিউ ক্যাম্বেল। তিনি ৫৬ বলে ৫২ রান করেন। তবে জিম্বাবুয়ের আশা জাগান ছয় নম্বরে নামা উইসলে মাধেভেরে। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৮৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন মাধেভেরে। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ৩টি ছক্কা।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সোহানুদ্দৌলা বর্ষণ ও সামিউন বাশির ৩টি করে উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং খালেদ আহমেদ ও আব্দুল গাফ্ফার সাকলাইন ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শাহাদাত হোসেনকে হারালেও অধিনায়ক জাকির হাসান ও ইফতেখার আহমেদ ইফতির ব্যাটে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দুজন ১২৩ বলে ১৫৮ রানের দুর্দান্ত জুটি গড়েন।

ইফতেখার ৫৮ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। এরপর অমিত হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান জাকির। মাত্র ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৯ রানের চমৎকার ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

মধ্যক্রমে অমিত হাসান ৩১, ইয়াসির রাব্বী ৩৪ এবং আকবর আলী ২৭ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। শেষদিকে সামিউন বাশির রাতুলের ১৮ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় ৩৬৪ রানের বিশাল স্কোরে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।

জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে আর্নেস্ট মাশুকু ৩টি এবং আন্তুম নাগভি ও মাইকেল ফ্রস্ট ২টি করে উইকেট নেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। আগামী বুধবার বগুড়ার একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ রাখলেও মাঠে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম। একটি গ্যালারিতে দর্শক উপস্থিতি থাকলেও স্টেডিয়ামের অধিকাংশ অংশই ছিল প্রায় ফাঁকা। দর্শকদের দাবি, পরবর্তী ম্যাচে পুরো গ্যালারিতে সামিয়ানা টানানো হলে উপস্থিতি আরও বাড়তে পারে।