আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রাশেদা বেগম হীরা তার প্রশ্নে তামাকজাত পণ্যের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি নিয়ে জানতে চান। তিনি বলেন, বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে কি নতুন করে কর কাঠামো পরিবর্তন বা সম্পূরক শুল্ক আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
এর জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানান, আগামী বাজেটে বিড়ি খাতের ক্ষেত্রে মূল্য ও করহার পূর্বের অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও ইঙ্গিত দেন যে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও নীতিগত বিবেচনায় আপাতত এ খাতে কোনো নতুন কর পরিবর্তন আনা হচ্ছে না।
এ সিদ্ধান্তের ফলে বিড়ি খাত সংশ্লিষ্ট বাজারে আপাতত কোনো মূল্য পরিবর্তনের সম্ভাবনা থাকছে না বলে ধারণা করা হচ্ছে।