দাপুটে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত ছন্দে দেখা গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। হন্ডুরাসের পর এবার আইসল্যান্ডকেও সহজে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। তবে জয়ের চেয়েও বড় সুখবর, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি এবং ফিরেই করেছেন গোল।

বুধবার (১০ জুন) জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের ৩৪ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। সম্প্রতি এমএলএসে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দারুণভাবেই ফিরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বিশ্বকাপের আগে তার গোল পাওয়া আর্জেন্টিনা শিবিরে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।

নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে থিয়াগো আলমাদা গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। ফলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনির শিষ্যরা।

যদিও ম্যাচে আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারলে স্কোরলাইন আরও বড় হতে পারত।

পুরো ম্যাচজুড়েই নিজেদের চিরচেনা ছোট ছোট পাসের নান্দনিক ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে দ্রুতগতির কাউন্টার অ্যাটাকেও ছিল দারুণ কার্যকারিতা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় উতরে গিয়ে আত্মবিশ্বাসী অবস্থানেই মূল মঞ্চে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।