ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর প্রহর গুনছে ফুটবল বিশ্ব। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা, তর্ক-বিতর্ক আর মজার খুনসুটি। সেই উন্মাদনায় শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে একটি রসিকতাপূর্ণ মন্তব্য করেন, যা মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।
পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।”
তার এই মন্তব্যে আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই মজার প্রতিক্রিয়া জানান। কেউ বলেন, কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা -এর কারণেই তারা আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। আবার কেউ মন্তব্য করেন, ব্রাজিলের সমর্থকও কম নয়; তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সাফল্যের কারণে তারা কিছুটা নীরব রয়েছেন।
অন্যদিকে কয়েকজন নেটিজেন জয়ের পোস্টে উল্লেখ করা ‘৯ কোটি আর্জেন্টিনা সমর্থক’-এর তথ্যের উৎস জানতে চান। তবে এ বিষয়ে অভিনেতা কোনো ব্যাখ্যা দেননি।
বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মজার পোস্ট, সমর্থকদের খুনসুটি এবং দলভিত্তিক আলোচনা ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে। মাঠের খেলা শুরু হওয়ার আগেই সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, যা আগামী দিনগুলোতে আরও তীব্র হওয়ার আভাস দিচ্ছে।