‘ককটেল’-এ সাইফ ছিলেন না প্রথম পছন্দ! এক যুগ পর জানা গেল চমকপ্রদ তথ্য

রণবীর কাপুর ও ইমরান খানকে আগে প্রস্তাব দেওয়া হয়েছিল ‘গৌতম’ চরিত্রের জন্য, জানালেন সাইফ আলি খান

বলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘ককটেল’ মুক্তির এক যুগেরও বেশি সময় পর সামনে এসেছে ছবিটি ঘিরে এক চমকপ্রদ তথ্য। দর্শকপ্রিয় ‘গৌতম’ চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না সাইফ আলি খান। তার আগে এই চরিত্রের প্রস্তাব গিয়েছিল তৎকালীন দুই জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও ইমরান খানের কাছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান জানান, ‘ককটেল’ ছবির জন্য উপযুক্ত নায়ক খুঁজে পেতে নির্মাতাদের বেশ বেগ পেতে হয়েছিল। কারণ ছবির দুই নারী চরিত্র—বিশেষ করে দীপিকা পাডুকোন অভিনীত ‘ভেরোনিকা’—ছিল অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয়। ফলে অনেক অভিনেতাই এমন একটি ছবিতে অভিনয়ে আগ্রহ দেখাননি, যেখানে নারী চরিত্রগুলো এতটা প্রাধান্য পেয়েছে।

সাইফ বলেন, ছবিতে দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি আগেই চূড়ান্ত ছিলেন। তবে প্রধান পুরুষ চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত কেউ রাজি হননি। পরে চিত্রনাট্য তার হাতে এলে তিনি চরিত্রটি করতে সম্মত হন।

স্মৃতিচারণ করে সাইফ মজার ছলে বলেন, “আমার মনে আছে, তারা রণবীর কাপুর, ইমরান খানসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিল। পরে আমি বলেছিলাম—ঠিক আছে, আমিই করি। কাজটা করতে দারুণ মজা পেয়েছিলাম। এখন আমার মনে হয়, ছবিটা করায় তাদের সবারই আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত!”

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ শুধু বক্স অফিসেই সফল হয়নি, বরং দীপিকা পাডুকোনের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবিতেও পরিণত হয়। বিশেষ করে ‘ভেরোনিকা’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে সাইফ আলি খানের ‘গৌতম’ চরিত্রটিও দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।

এই ছবির মাধ্যমে পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে সাইফের সফল জুটি আরও শক্তিশালী হয়। এর আগে ২০০৫ সালে ‘বিইং সাইরাস’ চলচ্চিত্রেও একসঙ্গে কাজ করেছিলেন তারা।

এক যুগ পর প্রকাশ পাওয়া এই তথ্য ‘ককটেল’ ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। অনেকেই ভাবছেন, রণবীর বা ইমরান অভিনয় করলে ছবিটি আদৌ একই রকম জনপ্রিয়তা পেত কি না। তবে দর্শকদের মতে, শেষ পর্যন্ত সাইফ আলি খানই ‘গৌতম’ চরিত্রটিকে সবচেয়ে সফলভাবে পর্দায় তুলে ধরেছিলেন।