অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তৎপর রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’। প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে মূলধারার গণমাধ্যমের অনুকরণে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ইতোমধ্যে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ২২৯টি। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও আকারে প্রকাশ করছে। ভুয়া ওয়েবসাইট ও অ্যাকাউন্ট শনাক্ত তথ্যমন্ত্রী জানান, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িত ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট। এছাড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। প্রায় ৬ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ গুজব মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে পিআইবি। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩৬৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি জানান, এসব প্রশিক্ষণের প্রতিটি মডিউলে গুজব ও অপতথ্য মোকাবিলা, ফ্যাক্টচেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশের উদ্যোগ তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন কাজের সুবিধার্থে পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে। এছাড়া গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে বিরোধীদের দমন এবং চরিত্রহননের কৌশল প্রয়োগ করে, সে বিষয়ে গবেষণাভিত্তিক ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে পিআইবি বলেও সংসদকে অবহিত করেন তিনি।