মো. মনজুর ই মওলা সাব্বির,নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক। গ্রেফতাকৃতরা হলেন, মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ (২২)। নাটোর জেলা পুলিশ সুপার শরিফুল হক জানান, গত ৩০ মে রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে। এরপর প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। এই ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এসপি আরোও জানান, মামলা দায়েরের পর দ্রুততার সঙ্গে তদন্তে নামে পুলিশের একটি দল। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, উদ্ধার করা মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।