নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ঢাকাসহ আট বিভাগেই বিভিন্ন সময়ে দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় আছে। এ পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১ জুলাই) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (২ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৪ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্য বিভাগগুলোর কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।