জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচার’ অভিযোগ: শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

বিনোদন ডেস্ক:

জুলাই গণ-আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই স্বপন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, আন্দোলনের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননাকরভাবে উপস্থাপন করে বিভিন্ন মন্তব্য ও প্রচার চালিয়েছেন। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি, ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে অভিযোগকারীরা দাবি করেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এ আন্দোলনের তাৎপর্যকে খাটো করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া শান্তা ফারজানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের দাবি, ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।