আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহামুদুল হাসান মানিক অভিযোগ করেছেন যে, ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণস্বার্থ বিরোধী পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছেন। কমরেড মাহামুদুল হাসান মানিক ২ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পাটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে অর্থনীতি-নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হরনকারী মার্কিন-বাংলাদেশ গোলামী চুক্তি বাতিলের দাবিতে এবং দলের সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই অভিযোগ করেন। তিনি বলেন, ড. ইউনুস ১৮ মাস দেশ শাসন করেছেন। কিন্তু দেশকে তিনি কিছুই দিতে পারেন নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেও ফ্যাসিবাদী আচরণ করেছেন । নির্বাচনের তিন দিন পূর্বে আমেরিকার সাথে দেশ বিক্রির চুক্তি করে গেছেন। যা দেশকে মার্কিন সামরিক ঘাটি বানানোর একটি বড় ষড়যন্ত্র।
মাহমুদুল হাসান গণ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। তিনি দলীয় প্রধান রাশেদ খান মেননের নিঃস্বার্থ মুক্তির দাবিও জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পাটি দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলের উদ্বোধন করেন কমরেড মাহমুদুল হাসান। মিছিলে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, শফিকুল ইষলাম সিকদারসহ দিনাজপুর জেলার নেতৃবৃন্দ। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।