জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর এবার প্রকাশ্যে ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে তিনি দাবি করেছেন, তার ফেসবুক পোস্টটি নিহতদের পরিবারকে উদ্দেশ্য করে লেখা হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় শাওন বলেন, তিনি যে শব্দ ব্যবহার করেছিলেন, সেটি ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করেছেন—অন্যদের বোঝানোর জন্য যে অপমানজনক ভাষা কতটা কষ্ট দেয়।
তার ভাষ্য, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্দেশে বিভিন্ন অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে। সেই অভিজ্ঞতার প্রতিক্রিয়া হিসেবেই তিনি ওই শব্দ প্রয়োগ করেন।
তবে জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে শাওন বলেন, “যাদের সন্তান, ভাই বা পরিবারের সদস্য মারা গেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার পোস্ট তাদের উদ্দেশে ছিল না। এটি ছিল তাদের উদ্দেশে, যারা পুরো ঘটনাকে পরিকল্পিতভাবে পরিচালনা করেছে বলে আমি মনে করি।”
ভিডিও বার্তায় তিনি আরও দাবি করেন, ২০২৪ সালে আন্দোলনের শুরুতে তিনি কোটা সংস্কার আন্দোলনের সমর্থক ছিলেন। তার ভাষায়, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে এটি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলন ছিল। তবে পরবর্তীতে আন্দোলনের চরিত্র বদলে যায় বলে তিনি মনে করেন।
শাওনের অভিযোগ, পরবর্তী সময়ে আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং বিভিন্ন মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ছাড়াই দায় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কয়েকটি ঘটনার প্রকৃত কারণ ও গুলির উৎস নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
শিশু মৃত্যুর একটি ঘটনার উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ও ঘটনাস্থলের বাস্তবতার মধ্যে অসঙ্গতি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেন মেহের আফরোজ শাওন। সর্বশেষ গত ১ জুলাই দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ওই পোস্টের জেরে শাওন, মডেল পিয়া জান্নাতুল, সাংবাদিক আনিস আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।