আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: দিনাজপুরের কর কমিশনার মো. হাফিজ আল আসাদ বলেছেন, দিনাজপুর অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সাংবাদিক সমাজ অনন্য সহযোগী হিসেবে কাজ করছে। ১০ জুলাই শুক্রবার কর অঞ্চল-দিনাজপুর এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কর অঞ্চল-দিনাজপুর এর কর কমিশনার হাফিজ আল আসাদ। তিনি বলেন, করদাতাদের উদ্বুদ্ধ করতে এবং আয়কর সংক্রান্ত সঠিক তথ্য ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অপরিসীম। তিনি জানান যে, সম্মানিত করদাতা, পেশাজীবী ও নাগরিকদের সুবিধার্থে কর অঞ্চলের অধিক্ষেত্র, সার্কেল ও কর্মকর্তাদের তালিকা এবং উৎস করের তথ্য সম্বলিত একটি বিশেষ বুকলেট প্রকাশ করা হচ্ছে, যা করসেবা গ্রহণকে আরও সহজতর করবে।কর্মশালায় আয়কর প্রদানের গুরুত্ব, নতুন কর অঞ্চল হিসেবে দিনাজপুরের পথচলা এবং করদাতাদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন কর অঞ্চল দিনাজপুর এর উপ কর কমিশনার অনুপম দাস। তিনি তার আলোচনায় বলেন, কর ব্যক্তিগত সুবিধার জন্য নয়, সমষ্টিগত সুবিধার জন্য দিতে হয়। কর কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষভাবে দিতে হয় কিন্তু কর দিতেই হবে। আজ হোক, কাল হোক, কর না দিয়ে কারো কোন উপায় নেই। তাই সময় মতো কর দিয়ে করের ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কর্মশালায় উপ কর কমিশনার অমলেন্দু কোচ, কর পরিদর্শক মো. তারিক উল হাসান উপস্থিত ছিলেন। দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন মোরশেদুর রহমান, রুস্তম আলী মন্ডল, এমদাদুল হক মিলন, খাদেমুল ইসলাম, আবুল কাশেম, নুর ইসলাম প্রমুখ। কর্মশালায় সাংবাদিকদের মধ্যে আসাদ হাফিজ সংকলিত আয়কর আইন ২০২৩ গ্রন্থটির ষষ্ঠ সংস্করণ উপহার দেওয়া হয়।