লঘুচাপে দুর্বল সিস্টেম, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা, তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটির প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। তাই সমুদ্রগামী নৌযান এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।