হুথি হামলার পর সৌদির ইয়ানবুতে জরুরি সতর্কতা, পরে প্রত্যাহার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ অঞ্চলে সামরিক অভিযান চালানোর পর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে ইয়ানবু প্রদেশের বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায়। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হলেও, কী ধরনের হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পরে এক হালনাগাদ বার্তায় কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য বিপদ কেটে গেছে এবং সতর্কতাটি আর কার্যকর নয়। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুথি নিয়ন্ত্রিত হোদাইদাহ এলাকায় সামরিক অভিযান চালানো হয়েছে।

জোটের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানে হোদাইদাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি এবং ইয়েমেনের সব সমুদ্রবন্দর আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে, হুথি বিদ্রোহীরা অভিযোগ করেছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী কামারান দ্বীপ এবং হোদাইদাহর টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক এ উত্তেজনার জেরে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।