‘পাতার বাঁশরি’তে মুগ্ধ শ্রোতারা, কোক স্টুডিও বাংলার নতুন গানে ফিরল ঐতিহ্য আর প্রেমের আবহ

বিনোদন ডেস্ক

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের কণ্ঠে পরিবেশিত গানটি সুর, কথা এবং চিত্রায়ণের অনন্য মেলবন্ধনে যেন বাংলার ঐতিহ্য ও প্রেমের এক নস্টালজিক আবহ ফিরিয়ে এনেছে।

ইউটিউবে গানটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই গানটিকে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমার আবহ’ বলে অভিহিত করেছেন। আবার কারও মতে, গানটি শুনলে মনে হয় যেন মধ্যযুগের পানাম নগরের কোনো জমিদারবাড়ির সঙ্গীত আসরে বসে আছেন তারা।

কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী, ‘পাতার বাঁশরি’ মূলত এক চিরন্তন প্রেমের গল্প। যেখানে একজন প্রেমিকা প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার টান অনুভব করেন। দূরে সরে যেতে চাইলেও ভালোবাসার সেই আহ্বান তাকে আবার ফিরিয়ে আনে। প্রেম, অপেক্ষা আর স্মৃতির আবেগকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে গানটি।

গানটির কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গীত রচনায় তার সঙ্গে ছিলেন ইলিয়াস হোসেন। সংগীতায়োজন করেছেন অদিত রহমান। আর কোক স্টুডিও বাংলার চলতি মৌসুমটি কিউরেট ও প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’ গান দিয়ে প্রশংসা কুড়ানো ঈশান এবার সুনিধি নায়কের সঙ্গে দ্বৈত কণ্ঠে নতুন মাত্রা যোগ করেছেন। অন্যদিকে সুনিধিও কোক স্টুডিও বাংলার পরিচিত কণ্ঠ। এর আগে তিনি শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ গানে ডুয়েট পরিবেশন করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন।

এবারের গানের আরেকটি বিশেষ দিক হলো এর চিত্রায়ণ। কোক স্টুডিওর প্রচলিত স্টুডিও সেটের বাইরে গিয়ে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে ভিডিওটির শুটিং করা হয়েছে। শতবর্ষী স্থাপত্য, প্রাকৃতিক পরিবেশ এবং গল্পনির্ভর নির্মাণশৈলী ভিডিওটিকে দিয়েছে আলাদা নান্দনিকতা।

গত শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত ‘পাতার বাঁশরি’ মুক্তির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রায় ২ লাখ ৭১ হাজার ভিউ অর্জন করেছে। গানটির সুর, পরিবেশনা এবং ঐতিহ্যবাহী আবহের কারণে এটি ইতোমধ্যেই কোক স্টুডিও বাংলার চলতি মৌসুমের অন্যতম আলোচিত পরিবেশনা হিসেবে জায়গা করে নিয়েছে।